অর্থ ও মানবপাচারকারী হিসেবে কুয়েতে কারান্তরীন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবা০র (০৮ জুন) হাইকোর্টের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী। আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন পাপুল। ২০২০ সালে কুয়েতে মানব ও অর্থপাচারে অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এই মামলায় চলতি বছরের ২৮ জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। পরে ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে একটি গেজেট জারি করা হয়।
মার্চ মাসের শুরুর দিকে ওই আসনে উপনির্বাচনের জন্য ১১ এপ্রিল দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা পরিস্থিতিতে তার পিছিয়ে নেওয়া হয় ২১ জুন। এরই মধ্যে পাপুলের বোন নুরুন্নাহার রিট করেন।
বার্তা বাজার/এসজে