করোনাকালের নির্বাচনে জাপার সমস্যা নেই, সমস্যা এরশাদের মৃত্যুর দিনে

মহামারি করোনা পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও জাতীয় পার্টির (জাপা) কোনো আপত্তি নেই। আপত্তি কেবল দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর দিনে হতে যাওয়া ভোট নিয়ে।

মঙ্গলবার (০৮ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কেএম নূরুল হুদার সাথে সাক্ষাত করে জাপার একট প্রতিনিধি দল দাবি জানায়, যেন তাদের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যুর দিনে ভোটের আয়োজন না করা হয়।

সাক্ষাৎ শেষে জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু জানান, আগামী ১৪ জুলাই আমাদের দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন জাতীয় সংসদের তিনটি আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন আমাদের নেতা-কর্মীরা নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন না। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি।

তিনি বলেন, সিইসিসহ অন্যান্য যারা ছিলেন তাঁরা আমাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। তাঁরা বলেছেন, আমরা এই তারিখ খেয়াল করতে পারিনি। আপনাদের বিষয়ে কী করা যায়, তা আমরা করবো। তিনি (সিইসি) বলেছেন, আমি একা কিছু করতে পারবো না। পুরো কমিশন বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে ১৪ তারিখ নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নিবে কি না এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারেননি। চিন্তা-ভাবনা করে সেটা জানাতে হবে বলেও তিনি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর