মহামারি করোনাকালে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনের আয়োজন না করার জন্য স্বাস্থ্য বিভাগের সচিবের কাছে সুপারিশ করে চিঠি দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। কিন্তু নির্বাচনের আয়োজন নিয়ে পুরোপুরিভাবে এখনও এগিয়ে চলছে নির্বাচন কমিশন (ইসি)। তারা তাদের সিদ্ধান্ত বদলাতে নারাজ।
ইসি সূত্রে জানা গেছে, যেসব এলাকায় নির্বাচন আয়োজন হবে সেসব এলাকায় করোনাকালে সরকারের দেওয়া বিধি নিষেধ তুলে নিতে মন্ত্রিপরিষদ সচিব ও মাঠ প্রশাসনের কাছে পৃথক চিঠিও দিয়েছে তারা।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বা বিধি নিষেধের মধ্যেই স্থগিত থাকা ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ১১টি পৌরসভা, লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনসহ স্থানীয় পর্যায়ের কিছু উপনির্বাচনের পুনঃতারিখ ২১ জুন এবং ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। ২ জুন ঘোষিত তারিখ অনুযায়ী এসব এলাকায় নির্বাচন হবে আগামী ১৪ জুলাই।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ সচিবের কাছে দেওয়া ওই চিঠিতে, করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নির্বাচন অনুষ্ঠান সময়কালে লকডাউন পরিস্থিতি বিদ্যমান থাকলে সংশ্লিষ্ট নির্বাচনের সামগ্রিক কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রাখার অনুরোধ করা হয়। সেক্ষেত্রে সামগ্রিক নির্বাচনী কর্মকাণ্ডে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা রাখা হবে বলে জানানো হয়।
কিন্তু এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ৮টি বিষয় বাস্তবায়নের জন্য অনুরোধ করে আইইডিসিআর। এর মধ্যে একটি হচ্ছে- করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচনের তারিখ পিছিয়ে সংক্রমণের অনুকূল পরিস্থিতিতে আয়োজন করা।
বার্তা বাজার/এসজে