বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোপালপুর উপজেলা ও টাঙ্গাইল সদর চ্যাম্পিয়ন

তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) বালক বিভাগে গোপালপুর উপজেলা ও বালিকা বিভাগে টাঙ্গাইল সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (৭ জুন) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার এ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল বাস কোচ মিনি-বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, জেলা ক্রীড়া অফিসের নুর এলাহী।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে গোপালপুর উপজেলা ট্রাইব্রেকারে ৪-২ গোলে টাঙ্গাইল পৌরসভা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর উপজেলা ট্রাইব্রেকারে ৪-২ গোপালপুর উপজেলা বালিকা দলকে
পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগের ফাইনাল খেলায় শুরুতেই টাঙ্গাইল পৌরসভার পক্ষে রেজাউল ফ্রি কিক
থেকে দর্শনীয় গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। পিছিয়ে পড়ে গোপালপুর উপজেলা একচেটিয়া আক্রমণ করে খেলে প্রথমার্ধের শেষ দিকে গোপালপুরের আনোয়ার টাঙ্গাইল পৌরসভার ডি বক্সের বাম সাইডে ঢুকে কোনাকুনি ভাবে চমৎকার শটে গোল করে (১-১) খেলায় সমতা আনে।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলেও কোন পক্ষ গোল করতে ব্যর্থ হলে খেলা সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে গোপালপুর উপজেলা পক্ষে সাগর, আনোয়ার, আতিকুর ও ফিরোজ এবং টাঙ্গাইল পৌরসভার পক্ষে রিফাত হাসান ও সাগর গোল করে। টাঙ্গাইল পৌরসভার পক্ষে সংগ্রাম ও বিদ্যুত গোল করতে ব্যর্থ হয়। বালক বিভাগের ফাইনালের মতো বালিকা বিভাগের ফাইনাল ম্যাচও টাইব্রেকারে গড়ায়। নির্ধারিত সময়ে টাঙ্গাইল সদর উপজেলা ও গোপালপুর উপজেলা গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারে টাঙ্গাইল সদর উপজেলা ৪-২ গোলে গোপালপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় টাঙ্গাইলের পক্ষে মিলি আক্তার, ঋতু আক্তার, সুরমা ও সেলিনা আক্তার এবং শারিকা মার্মা ও জিন্নাত আক্তার গোল করে।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর