পাকুন্দিয়ায় রাজস্ববিহীন নকল স্ট্যাম্পসহ তিন চোরাকারবারি আটক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে রাজ্জাক স্পেশাল বিড়ির গায়ে লাগানো ৩৮০০ পিস সরকারী রাজস্ববিহীন নকল স্ট্যাম্পসহ তিন চোরাকারবারি আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প । এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া থানার তরগাঁও ইউনিয়নে দিগবা গ্রামের বিরেদ্র এর ছেলে বিজয় (২১), একই ইউনিয়নের মৈশন গ্রামের আতাউর রহমানের ছেলে রোবেল হোসেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের নলচিরা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন(২৫)।
সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার থানারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার।
স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম সোমবার (৭ জুন) দুপুর ১ টা ১০ মিনিটের দিকে পাকুন্দিয়া উপজেলার চরদেওকান্দির থানারঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে তিনটি মোটরসাইকেলে বেধে বহন করার সময় রাজ্জাক স্পেশাল বিড়ির গায়ে লাগানো ৩৮০০ পিস সরকারী রাজস্ববিহীন নকল স্ট্যাম্প সহ বিজয় (২১), রোবেল হোসেন, ইসমাইল হোসেন(২৫) নামে তিন চোরাকারবারিদের আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এ ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করেন তারা।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হুমায়ুন কবীর/ বার্তা বাজার/এস.আর