পীরের দরবারে যুবককে পিটিয়ে মারল ‘বাবার’ ভক্তরা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর দরবার শরীফের ভেতরে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে সেখানে থাকা পীরের ভক্তরা। রোববার (০৬ জুন) দুপুরের এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই দরবারের তাছের ফকিরের ভক্ত বলে জানা গেছে।

জানা যায়, মোবাইল চুরির অপরাধে রাশেদ নামের ওই যুবককে দরবারের ভেতরে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রোববার রাতেই রাশেদের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার (০৭ জুন) দুপুর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সাইদুর রহমান মিলন, শামসুদ্দিন, আব্দুস সাদী শিমুল, সুমন হোসেন, ইমরান আলী ও শফিউল রহমান লিমন। তারা কল্যাণপুর দরবার শরীফের তাছের ফকিরের অনুসারী।

এদিকে দরবার শরীফে সিসি ক্যামেরা থাকলেও গত কয়েকদিনের ফুটেজ খোঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানান, হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ফুটেজ সরিয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর