সাভারে ‘মিট দ্য পিপল’ অনুষ্ঠিত

সাভারে উপজেলা পরিষদের আয়োজনে সাভার উপজেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে সাধারণ জনগণের সাথে মত বিনিময় সভা ‘মিট দ্য পিপল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) বিকালে ভাকুর্তা ইউনিয়নের ঈদগাহ মাঠ এলাকায় এই সভা সম্পন্ন হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ লিয়াকত হোসেন।

সভায় আগত সাধারণ জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ভাকুর্তা ইউনিয়নে উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উল্লেখপূর্বক উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো নিরসনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় তারা ভাকুর্তা ইউনিয়নের যেসকল রাস্তাঘাট এখনও সংস্কার হয়নি সেগুলো সংস্কারের আবেদন করেন। পাশাপাশি তারা এলাকায় টায়ার ফ্যাক্টরি বন্ধ করা, ওয়াসার পানির ব্যবস্থা ও পানির লেয়ার নেমে যাওয়ার সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন ও বেদখল হওয়া খাল উদ্ধারের দাবী জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, এই মতবিনিময় সভায় আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছেন। আমরা সাভার উপজেলা প্রশাসন সেগুলোর সমাধানের চেষ্টা করবো। আর এই ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নে সাভারের ভিতর সবচেয়ে বেশী (২৫ কোটি টাকার বরাদ্দ) অর্থ বরাদ্দ করা হয়েছে। আর ভাকুর্তার সুপেয় পানি ঢাকায় নিয়ে যাওয়ার কারণে এখানের পানির লেয়ার নেমে যাচ্ছে। এবিষয়টি আমরা সরকারের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করলাম। আর উপজেলা থেকে আমরা বিভিন্ন সময়ে এই পানির সমস্যা সমাধানে ‘সাবমারসিবল পাম্প’ প্রদানের ব্যবস্থা করেছি। আপনাদের লাগলে আমরা আরও দেবো আপনাদের। এছাড়া যেকোনো সমস্যা ও চাহিদার বিষয়ে সাভার উপজেলা প্রশাসনকে জানানোর কথাও বলেন তিনি।

অনুষ্ঠানের সঞ্চালক হাজী মোঃ লিয়াকত হোসেন উপজেলা প্রশাসনের প্রতি ভাকুর্তা ব্রিজের নিচে দেয়াল তুলে দিয়ে খাল ও জলাশয় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

অন্যান্যের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, আপনাদের এই ইউনিয়নে সবচেয়ে বেশী রাস্তাঘাটে অর্থ বরাদ্দ হয়েছে। তবে এসব রাস্তা বানানোর পরে যাতে জলাবদ্ধতা না হয় সেদিকে আপনাদের ইউনিয়নবাসীদের লক্ষ্য রাখতে হবে। আর টায়ার পোড়ানো কারখানার বিরুদ্ধে দ্রুতই উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে। পাশাপাশি যেসকল খাল ও জলাশয় দখল হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন – ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ভাকুর্তা ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে, আমিনবাজারে আমিনবাজার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ‘মিট দ্য পিপল’ সভা অনুষ্ঠিত হয়।

আল মামুন খান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর