বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের দাবিতে ইউনিয়ন পরিষদে তালা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যানকে পুনর্বহালের দাবীতে ইউনিয়ন পরিষদ কার্যালয় তালা লাগিয়েছেন চেয়ারম্যানের অনুসারীরা।
রোববার (৬ জুন) রাত ৮টা দিকে প্রায় ২০-৩০ জন নারী-পুরুষের একটি দল ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি কক্ষে তালা লাগিয়ে বারান্দায় অবস্থান নেন বলে অভিযোগ করেন প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ।একই দিনে বিকেলে শতাধিক নারী-পুরুষ ঝাড়–এবং লাঠি নিয়ে উপজেলা
নির্বাহী অফিসারের বাস ভবন ঘেরাও করার চেষ্টা করে। পরে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে সরিয়ে দেয়ার পরেই তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান নেয়। এতে করে সোমবার ইউনিয়ন পরিষদের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে।
উল্লেখ্য, গণ উপদ্রব সৃষ্টি ও ফৌজদারী অপরাধে জেলে থাকায় চলতি বছরের ১৭ জানুয়ারি ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরবর্তীতে স্থায়ী বহিস্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
সাময়িক বরখাস্তে আদেশকে চ্যালেঞ্জ করে ওই চেয়ারম্যান মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে গেলো ৪ মে মহামান্য হাইকোর্ট বরখাস্তের আদেশকে ৬ মাসের জন্য স্থগিত করেন।
এই স্থগিতাদেশের কারণে নিজেকে চেয়ারম্যান দাবী করে ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টা করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, কয়েকজন ব্যাক্তি ইউনিয়ন পরিষদের প্রতিটি কক্ষে তালা দিয়ে অবস্থান নেয়ায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি জানান, গত বৃহস্পতিবার (৩ জুন) বরখাস্তকৃত চেয়াম্যানের নির্দেশে কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে উদ্যোক্তা ও সচিবকে রুম থেকে বের করে দিয়ে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে এবং থানায় মামলা দেবার জন্য গেলেও রহস্যজনক কারনে এখনও মামলা নেয়া হচ্ছে না।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, উক্ত চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। তাকে পুর্নবহাল করবে ঐ মন্ত্রণালয়। আমি এখনো পুর্নবহালের কোন চিঠি পাইনি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্যানেল চেয়ারম্যান এখনো কোন এজাহার দাখিল করেন নাই। এজাহার দাখিল করলে মামলা নেয়া হবে।
এই বিষয়ে বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের সাথে মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/ই.এইচ.এম