‘স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকারকারীরা স্বাধীনতাতেও আস্থা রাখে না’

যারা দেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে , দেশের স্বাধীনতার ব্যাপারেও তাদের আস্থার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (০৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

ঐতিহাসিক ছয় দফা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ৭ জুন হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাইলফলক। ছয় দফার লক্ষ্য ছিল দুইটি। প্রথমটি হচ্ছে বাঙালির স্বাধীনতা আর দ্বিতীয়টি হচ্ছে বাঙালির মুক্তি।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নবতর পথযাত্রার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছে।

এর আগে ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নেতারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর