গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মো. আব্দুল আহাদ (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (০৭ জুন) ভোরে হঠাৎ অসুস্থ হলে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাজতি আব্দুল আহাদ সিলেট বিশ্বনাথ উপজেলার নদার মালপাড়া গ্রামের মৃত. জমির আলীর ছেলে। তার হাজতি নং-১২৪/১৭ ছিল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাফরুল থানার হত্যা মামলা নং-১৩(১০)১৬ মামলায় ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন আহাদ। ভোরে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আহাদকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দি আহাদ স্ট্রোক করে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/ই.এইচ.এম