মানিকগঞ্জে চোর ধরতে গিয়ে গৃহকর্তা নিহত, আটক ২

মানিকগঞ্জে চোর ধরতে গিয়ে চোরের রডের আঘাতে মোঃ তারা মিয়া(৪২) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মৃত নোমাজ আলীর পুত্র।

আটককৃত আসামিরা হলো- জেলার সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামের মোঃ মোকসেদ আলীর ছেলে মোঃ জাহিদ হোসেন (২৭) ও একই গ্রামের মৃতঃ রহিজ উদ্দিনের ছেলে মোঃ শরীফ (২৬)। তারা হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

সোমবার(৭ জুন) সিংগাইর থানার সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত শনিবার (৫ জুন) রাত ১০টার দিকে অরঙ্গবাদ গ্রামের মৃত নোমাজ আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে চোর ঢুকে। গৃহকর্তা সজাগ থাকায় টের পেয়ে ধাওয়া করলে ২ জন চোর পালানোর চেষ্টা করে। সেসময় চোর চোর বলে চোরের পিছু নেন মালেকের ছোট ভাই তারা মিয়া। তারা মিয়া ও হ্যালো বাইক চালক সুজন (৩০) হ্যালো বাইক চালিয়ে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এডিসি ইটভাটার কাছে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে অজ্ঞাত ২ জনকে আটক করতে সক্ষম হন। এসময় হ্যালো বাইক চালক সুজন লোকজন ডাকতে গেলে আসামিদ্বয় পালিয়ে যাওয়ার জন্য লোহার রড দিয়ে তারা মিয়ার মাথায় আঘাত করে গুরুতর জখম করে এবং পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহত তারা মিয়ার ভাই আব্দুল মালেক বাদী হয়ে সদর থানায় চুরি ও সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। সিংগাইর থানার মামলা নং ১০(০৬)২০২১।

খবর পেয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা, ওসি তদন্ত আবুল কালাম পিপিএম ও তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ২ আসামিকে আটক করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন, আটককৃত আসামিদের দেখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পুলিশ রিপোর্ট প্রেরণ করবেন বলে জানান।

মিলন মাহমুদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর