‘বাবাকে কষ্ট দিয়ে যারা বিদায় করেছেন তাদের কমিটি প্রত্যাখ্যান করলাম’
হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন সহাকারী মহাসচিবের পদ পাওয়া ও হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।
কমিটি ঘোষণার পরে সোমবার (০৭ জুন) হাতে লেখা এক চিঠিতে তিনি এই ঘোষণা দেন।
চিঠিতে ইউসুফ মাদানী বলেন, আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
তার নিজহাতে লেখা এই চিঠি গণমাধ্যমের হাতে এসেছে। একইসাথে আল্লামা শফীর পরিবারের লোকজনও চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রাজধানীর খিলগাঁও ,আকজ্জানুল উলুম মাদ্রাসায় জরুরি সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হয় হেফাজতের। সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন।
কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হয়েছিল। কিন্তু তিনি এই কমিটি প্রত্যাখ্যান করলেন।
বার্তা বাজার/এসজে