যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখনই শেয়ারবাজারে ধস নামে বলে মন্তব্য করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (০৭ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা পর্বে সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
রুমিন বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ারবাজার শুয়ে পড়ে। এটা যে কি একটা অদ্ভুত সম্পর্ক এটা এখনও বুঝতে পারিনি। ১ লাখ কোটিরও বেশি টাকা পাচার হয়ে গেছে বিদেশে। এগুলো যাচ্ছে ওভার আর আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। এছাড়াও হুন্ডির মাধ্যমে কত টাকা পাচার হয়ে গেছে তা আল্লাহ মাবুদ জানে বলে মন্তব্য করেছেন
অর্থ পাচার হচ্ছে অভিযোগ করে আলোচিত এই নারী সংসদ সদস্য বলেন, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্যানুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় ১ লাখ কোটি বিদেশে চলে যাচ্ছে। গত ১০ বছরে প্রায় সাড়ে ৮ থেকে ৯ লাখ কোটি টাকা বিদেশে চলে গেছে। ২০১৯ সালে সরকারি হিসাব মতে মন্দ ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। ২০২০ সালে সেটা কমে দাঁড়ায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। ২০২১ সালে এসে শুনলাম ৮৮ হাজার কোটি টাকা মাত্র। আসলে ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ কত?
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে স্মরণ করে তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী (আবুল মাল আবদুল মুহিত) স্পষ্ট কথা বলতেন, দলের বিরুদ্ধে গেলেও বলতেন। তিনি বলেছিলেন, ব্যাংক দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। একটা দেশে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয় তখন সেই দেশের অর্থনীতির কাজ সম্পর্কে বলতে নিশ্চয়ই চিন্তা করতে হয়।
রুমিন ফারাহানা বলেন, যারা ব্যাংকের টাকা লুট করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়। ব্যাংক কোম্পানিতে আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বার্তা বাজার/এসজে