টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সোমবার (৭ জুন) বেলা ১১ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১ জুন টাঙ্গাইল প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেছেন আমানুর রহমান খান রানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ জুন আমার বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক তথাকথিত সংবাদ সম্মেলনের অভিযোগ করা হয়, আমি নাকি তপন রবিদাস নামে এক ব্যক্তিকে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি প্রদান করেছি। এমনকি ২৪ ঘন্টার মধ্যে শহর ছেড়ে চলে যেতে বলেছি। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে তপন রবিদাস নামে কোন ছেলেকে আমি চিনি না। কখনো দেখিও নাই। এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক সাজানো নাটক, যার কুশীলবরা পর্দার আড়ালে রয়েছেন।
তিনি আরো বলেন, আমি একটি মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় দীর্ঘ ৩৪ মাস ২১ দিন কারাবন্দি ছিলাম। এমন কোন ষড়যন্ত্র নাই যা আমাকে আটকে রাখার জন্য করা হয় নাই। কিন্তু মহান আল্লাহর মেহেরবানীতে ও অসীম রহমতে সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমি বিগত ২০১৯ সালের ৯ জুলাই জামিনে মুক্ত হই। তখন আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি শুরু করতে থাকে নতুন হাইব্রিট আওয়ামী লীগরা। টাঙ্গাইলে হত্যা, লুট, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজির মাধ্যমে অন্যায়ের রাজত্ব কায়েমকারী হাইব্রিড মার্কা আওয়ামী লীগারদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াখ আহমেদ রাজীব প্রমুখ।
বার্তাবাজার/পি