অর্থ পাচারকারীদের তালিকা আমার কাছে নেই: অর্থমন্ত্রী

কারা বিদেশে অর্থ পাচার করছে তাদের নামের কোনো তালিকা সরকারের কাছে নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এই তালিকা কারো কাছে থাকলে তাকে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

সোমবার (০৭ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলাকালে বিরোধীদলীয় এমপিরা অর্থ পাচারের প্রসঙ্গ এনে সমালোচনা করলে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পাচারকারীদের নামগুলো আমাদেরকে দেন। তাদের ধরা আমাদের জন্য সহজ হবে। অর্থ পাচার ঠেকাতে সরকার সক্রিয় রয়েছে। এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।

এর আগে বিএনপির এমপি রুমিন ফারাহানা বলেন, বিদেশে ১ লাখ কোটি টাকার ওপরে চলে যাচ্ছে। ওভার আর আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাবুদ জানেন কত টাকা বিদেশে গেছে!

জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশিদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের টাকা নিচ্ছেন। টাকা নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশ পাঠাচ্ছেন। দুদকের একটি অফিস কানাডায়, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায় করুন। তাহলে দেখা যাবে কে কত টাকা নিয়েছে। পিকে হালদার এত টাকা নিল! নয় মিনিটের জন্য পিকে হালদারকে ধরতে পারেনি। তাহলে নয় ঘণ্টা আগে ধরতে পারলেন না কেন?

এসব সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে, আমারও কষ্ট লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা সবাই চাই, এগুলো বন্ধ করতে হবে।

তিনি বলন, আগে সিমেন্টের নাম করে বালি আসত। একটার নাম করে আরেকটা আসত। আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং আগের মতো হয় না। একদম বন্ধ হয়ে গেছে বলব না। পত্রপত্রিকায় দেখতে পাই না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর