মহাখালীর বস্তিতে আগুন: তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সোমবার (৭ই জুন) সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।

এদিকে আগুন লাগার পরপরই নিজেদের জানমাল নিয়ে কোনো মতে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। বস্তির সামনের রাস্তায় জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন তারা। এপর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অনেক দূর থেকেই সাততলা বস্তিতে লাগা আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি পুলিশ ও র‌্যাব নিরাপত্তার দায়িত্বে কাজ করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৬ সালে ডিসেম্বরে এবং ২০২০ সালের ২৪শে নভেম্বর মহাখালীর এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, এই বস্তিতে প্রতিবারই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অবৈধ বৈদ্যুতিক সংযোগের দুর্বল তারের কারণেই এমন ঘটনা ঘটেছে। আর সেই ঝুঁকি এখনও রয়ে গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর