হেফাজতের তাণ্ডব: ৭১ দিন পর পুলিশের খোয়ানো পিস্তল-গুলি উদ্ধার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীরা তাণ্ডব চালায়। সে সময়ে ছিনিয়ে নেওয়া পুলিশের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ৭১ দিন পর উদ্ধার হয়েছে।

রোববার বিকালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রশিদুল হক জানান, হাটহাজারী উপজেলার মিরেরহাট এলাকায় রাস্তার পাশের ঝোঁপে একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর মিরেরহাট এলাকায় রাস্তার পাশ থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”

এসপি রশিদুল হক আরও বলেন, পিস্তল-গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আগেই মামলা হয়েছিল। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে হেফাজতের কর্মীরা তাণ্ডব চালায়।

সেই তাণ্ডবে হাটহাজারী থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা ডাকবোংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ হয় তখন। হেফাজতকর্মীরা হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দেয়াল তুলে ব্যারিকেডও সৃষ্টি করে।

বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছিলেন, যাদের হেফাজত নিজেদের কর্মী বলে দাবি করে।

বার্তা বাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর