ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্টের চেয়ে ৪০ শতাংশ বেশি সংক্রামক।
যুক্তরাজ্যের বৈজ্ঞানিক পরামর্শদাতাদের সরকারি সংস্থা সেইজের গবেষণায় সম্প্রতি উঠে এসেছে এ তথ্য। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্টই এখন বেশি প্রভাবশালী। আলফা ভ্যারিয়েন্টের কারণে গেল জানুয়ারিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে লকডাউন দেয়া হয়।
আগামী ২১শে জুন সব বিধিনিষেধ তুলে নেয়ার কথা রয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে আবারও সংক্রমণ বাড়ায় তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে বর্তমানে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কমেছে বলে জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। যারা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন, তারা এই দুই ভ্যারিয়েন্ট থেকেই নিরাপদ থাকতে পারেন বলে মনে করছেন তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম