‘সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি সত্য প্রকাশ ভুলে গেছে’

সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড় পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (০৬ জুন) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার উপর নির্ভর করেই তখন বাজেট হতো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

প্রধানমন্ত্রীর নেতৃত্বকে প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। বর্তমানে শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের উপর ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি। দেশের ইতিহাসে বিএনপি’র শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রোপিত হয়। বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারী। বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে সবই চর্চা করেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর