সংসদে সরকারের আমলাদের তীব্র সমালোচনায় রুমিন ফারহানা

সংসদের সম্পূরক বাজেটের ওপর আলোচনাকালে সরকারকে আমলা নির্ভর বলে ব্যাপক সমালোচনা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (০৬ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আমলা ও আমলানির্ভর এই সরকার চরম বেপরোয়া ও বাড়াবাড়ি আচরণ করছে। রিপোর্টে স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি তুলে ধরায় আমলা ও আমলানির্ভর সরকারের হাতে চরম হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও সাংবাদিক রোজিনা ইসলাম।

তিনি বলেন, আমলাদের বাড়াবাড়ি ও বেপরোয়া আচরণের শিকার হয়েছেন অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের সাংবাদিক ও খাবার চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করা ফরিদ আহমেদ।

স্বাস্থ্য খাত নিয়ে এই নেত্রী বলেন, করোনার শুরুতেই মাস্ক, পিপিই, সুরক্ষা সরঞ্জাম, টেস্টের জালিয়াতি, কেনাকাটায় লুটপাটের খবর আমাদের সামনে নিয়মিত এসেছে। সম্প্রতি ভয়ংকর দুর্নীতির খবর এসেছে স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ নিয়েও। করোনার জন্য জরুরি ভিত্তিতে হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু ১৫/২০ লাখ টাকা দুর্নীতির বীভৎস খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়।

সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে তিনি বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন ‘‘এখন এক কোটি দেব, পরে আরও পাবেন’’, ‘‘৩৫০ কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম’’, ‘‘পড়ে আছে জীবন রক্ষাকারী সামগ্রী’’, ‘‘কিটের ঘাটতি নিয়ে দুই রকমের তথ্য’’, ‘‘উৎপাদনের নয়, রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তার’’ শিরোনামে নানা রিপোর্ট করে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন, তখন আমলানির্ভর সরকারের হাতে চরম হেনস্তার শিকার হন। মানুষের চিন্তা, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের স্বার্থে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর