‘বিদেশী শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানালে সরকারি ফি জনপ্রতি ২ লাখ’
এখন থেকে বিদেশি শিল্পী দিয়ে যদি কোনো নির্মাতা বিজ্ঞাপন চিত্র বানাতে চায় তাহলে তার জন্য প্রতি শিল্পী হিসেবে ২ লাখ টাকা করে সরকারকে ফি দিতে হবে। পাশাপাশি যে টেলিভিশন চ্যানেল ওই বিজ্ঞাপন প্রচার করবে তারাও ২০ হাজার টাকা করে সরকারকে ফি দিবে।
রোববার (০৬ জুন) সকালে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা নীতিমালায় সংযোজন করেছি, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবে, তবে ফি দিতে হবে। এটি করে কেউ বিজ্ঞাপন বানাতে চাইলে বানাক। দেশীয় শিল্পী ও শিল্প রক্ষায় এটি করা হয়েছে।
মহামারিকালে দেশের চলচ্চিত্রে যে সংকট পড়েছে তা থেকে দুই বছরের মধ্যে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, দেড় বছর ধরে করোনা, তারপরও চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য এমন অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানেও নেওয়া হয়নি। সিনেমা হল পুনরায় চালু করা, আধুনিকায়ন, নতুন সিনেমা হল স্থাপনের জন্য সরকার এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে।
গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে ওই প্রকল্পের দরপত্র ডাকা হয়েছে। সাড়ে ৩০০ কোটি টাকার প্রজেক্ট। সেখানে বেশ কয়েকটা ফ্লোর থাকবে। আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।
বার্তা বাজার/এসজে