ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়ে মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার প্রতিবাদে এলাকাবাসী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রোববার সকালে পুলিশি বাঁধা উপেক্ষা করে ওই কর্মসূচি পালন করা হয়।

উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের মো. স্বপন গত ২৪ মে ময়মনসিংহের নারী ও শিশু নর্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। এতে আসামী করা হয় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল হক, তরুণীর মাসহ ৫ জনকে আসামী করা হয়।

মামলায় উল্লেখ করা হয়- স্বপনের সাবেক স্ত্রী আছমা তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে উচাখিলা বাজারের সরকারি ঘরে বসবাস করতেন। মায়ের সহায়তায় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণীটিকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে ধর্ষণ করে। এতে অন্তস্বত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত ঘটানোর হয়। কিন্তু তাতে রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে ১১ মে রাতে মৃত্যু বরণ করে। কিন্তু ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা তরুণীর ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে- যক্ষার জীবাণু শরীরে ছড়িয়ে পড়া এবং এই জীবাণু ব্রেইনের রক্তনালীতে বাসা বাঁধার কারণে ইশকেমিক স্ট্রোক মৃত্যুর কারণ।’

ইউনিয়ন চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে দাবি করে স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের অংসগঠনের কর্মীরা রোববার বেলা ১১ টায় উচাখিলা বাজারে মানববন্ধন করেন। মানববন্ধন করতে পুলিশ নিষেধ করলেও বাঁধা উপেক্ষা করে মানববন্ধন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের শাস্তিও দাবি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মুদাব্বিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল মাজেক প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর