দু’দিনের বিরতির পর শুরু হয়েছে সংসদের বাজেট আলোচনা

শুক্র ও শনিবারের বিরতির পর রোববার (০৬ জুন) সকাল ১১টায় জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে।

বিল সম্পর্কিত একাধিক সংসদীয় কমিটি ছাড়াও আজ কথা রয়েছে ৪টি বিল উত্থাপনের। সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (০৭৪ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে পাশ হওয়ার কথা।

বুধবার (০২ জুন) একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে। এটা চলমান সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সোমবার সংসদের বৈঠক শেষে অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতুবি হতে পারে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ২৮, ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই বসতে পারে অধিবেশন।

এরমধ্যে ১৪, ১৫, ১৬, ১৭ ও ২৮ জুন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাশ হবে। আর ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাশ হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর