ছেলে ফেসবুকে কলা খাওয়ার ছবি দেওয়ায় বাবাকে পেটালো ছাত্রলীগ নেতা

প্রবাসে থেকে ছেলে ফেসবুকে কলা খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছে ছেলে। এর জের ধরে তার বাবাকে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল কর্মী দিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুন) রাতে প্রবাসী ওই যুবক নাইম মিয়ার বাবা স্বপন মিয়াকে জুড়ী নিউ মার্কেটে ছাত্রলীগের কর্মীরা তুলে নিয়ে যায়।

এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বপন মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, জুড়ী শিশুপার্ক সংলগ্ন এলাকায় চায়ের দোকান আছে স্বপন মিয়ার। তার ছেলে নাইম কয়েক দিন আগে দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি নিজের ফেসবুকে আইডিতে পোস্ট করেন। এ ছবি দেখে ক্ষিপ্ত হন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল। পরে ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলসহ তার কর্মীরা স্বপন মিয়াকে চড়-থাপ্পড় মেরে কান ধরে উঠবস করায় এবং উপস্থিত সবার সামনে তাকে সাবেলের কাছে ক্ষমা চাওয়ায়।

ঘটনার পরদিন শুক্রবার রাতে স্থানীয় ২ আওয়ামী লীগ নেতার মধ্যস্থতায় থানায় সালিশ বৈঠক বসে। সেখানেও ছাত্রলীগ সভাপতি সাবেল তাকে দা নিয়ে ধাওয়া করেন।

স্বপন মিয়া জানান, এক সময় সাবেলের বাবা কলা বিক্রি করতেন। এ কারণে নাকি তার ছেলে কলার ছবি ফেসবুকে ছেড়ে তাকে অপমান করেছে।

তবে এ বিষয়কে “ভুল বোঝাবুঝি” বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল।

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ভুক্তভোগী স্বপন মিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর