সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তিই হয়নি: দূতাবাস কর্মকর্তা

টিকা কেনার বিষয়ে চীনের সংগে কিংবা দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সংগে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান।

শনিবার (৫ জুন) বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলেন, চীন সরকারের সঙ্গে তো নয়ই, সিনোফার্মের সঙ্গেও টিকা কেনার বিষয়ে বাংলাদেশের এখনো কোনও চুক্তি হয়নি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গণমাধ্যমের তথ্য যদি সঠিক হয়, তবে বাংলাদেশের পক্ষ থেকে কেন শুধু মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে! এটা বলা বাহুল্য প্রথমত, এখন পর্যন্ত সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত, এটি চীন সরকার নয়, বরং সিনোফার্ম এবং বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি। আর আমরা আশা করি, আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা নির্ধারিত তারিখে প্রয়োজনীয় টিকা পাবেন।

করোনা টিকার পাওয়ার জন্য চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ-সিনোফার্মের সঙ্গে কয়েকমাস আগে আলোচনা শুরু হয়। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেছিলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা এবং সময়ক্ষেপণের কারণে টিকা কিনতে দেরি হয়েছে বাংলাদেশের। এরপরে আলোচনায় আসে অপ্রকাশযোগ্য চুক্তি। যার জন্য চীনা ভাষায় লেখার জায়গায় সই করে ফেলা এক ধরনের চাহিদাপত্র দিয়ে পরে তা কমানোসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশাসনিক নানান দুর্বলতার কথাও উঠে আসে।

অপ্রকাশযোগ্য চুক্তির শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন, সিনোফার্ম থেকে দেড় কোটি করোনা টিকা পেতে চুক্তি করা হয়েছে। এই টিকার প্রতি ডোজের দাম পড়বে ১০ মার্কিন ডলার। এতে চীনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। পরে চীনের কাছে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করতে হয় বাংলাদেশকে।

এবার বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বললেন, সিনোফার্মের সংগেই এখনো টিকা কেনার কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। তবে ১৩ জুনের মধ্যে চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর