হরিপুর উপজেলাকে লাল-সবুজের নগরী নির্মাণে ‘অক্সিজেন’র কৃষ্ণচূড়া রোপন

হরিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘‘অক্সিজেন’’ আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হরিপুর উপজেলা প্রশাসন শিশুপার্কসহ হরিপুরের বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানের মূল ফটকে কৃষ্ণচূড়া বাতায়ন করেছে। এই মিশনে পৃষ্ঠপোষকতা করেছেন হরিপুর উপজেলা প্রশাসন, ও বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’।

সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান, অক্সিজেনের যে কয়েকটি মিশন রয়েছে তার মধ্যে মিশন লাল সবুজ-২০৩০ অন্যতম। আমরা প্রতি বছর জুন-জুলাই মাসে কৃষ্ণচূড়া গাছ রোপণ করি। কৃষ্ণচূড়া! হ্যাঁ আমরা কৃষ্ণচূড়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিচ্ছবি খুঁজে পাই। লাল সবুজে যে আবহ, যেটি আমাদের জাতীয় আবেগের সাথে সঙ্গতিপূর্ণ সেই আবহকে ফুটিয়ে তুলতেই নিজ নাড়ি পোতা ভূমিতে আমাদের এই মিশন।

অক্সিজেন এর সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান সাগর জানান, দমবন্ধ হয়ে মৃত্যুর কথা আমরা কল্পনাও করতে চাই না। অক্সিজেন মানে জীবন। একটি সফল গাছ মানে হাজার প্রাণের হৃদস্পন্দন। একটি লাল সবুজ নগরীর স্বপ্নে দশ বছর মেয়াদী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অক্সিজেন। প্রতিবছর সত্যিকারের কিছু পরিবেশ সচেতন ও প্রকৃতিপ্রেমী শুভাকাঙ্ক্ষীদের প্রকাশ্য অনুদানে কিছু স্বপ্নবাজ তরুণ এই কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনে বিভিন্ন সংগঠন,প্রতিষ্ঠান ও ব্যক্তিউদ্যোগে গাছ লাগানোর কোনো বিকল্প নেই, এজন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,সরকারি মোসলেমউদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর ইসলাম,চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মোঃ আজমল হক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির জিএম মোঃ মোজাফফর হোসেন, হরিপুর থানা ইনচার্জ মোঃ আওরঙ্গজেব, তোররা হাফিজিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জমসেদ আলীসহ সংগঠনের সদস্যবৃন্দ।

মনিরুজ্জামান মিলন/বার্তাবাজর/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর