দেশে সবার চেষ্টায় করোনা নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। শুধু ভ্যাকসিন দিয়েই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সবার চেষ্টায় বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ সম্ভব।

শনিবার (৫ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, সেই দেশে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যে দেশে করোনা নিয়ন্ত্রণে নেই, সেই দেশ বিধ্বস্ত হয়ে গেছে। বাংলাদেশে করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেই ওষুধ ও খাদ্যের অভাব হয়নি। কৃষিখাত, শিল্পকারখানা সচল থাকায় দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ৫০টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, ঘোড়া ও হরিণ পরির্দশন করেন। পরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাতপাতালে স্বাস্থ্যমন্ত্রীর মা মরহুম ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে যোগদান করেন তিনি।

আফ্রিদি আহাম্মেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর