রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবুল হোটেলের পিছনে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে নিহত হয়েছেন ২ শিশুসহ ৩ জন। শনিবার (০৫ জুন) দুপুরে আবুল হোটেলের পেছনে অবস্থিত সোনা মিয়ার বস্তিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাবিনা আক্তার ওরফে পাখি (১০), ঝুমা (১৪) এবং বাড়িটির দারোয়ান আবুল হোসেন (৬৫)।
জানা যায়, দুপুরে বৃষ্টি হলে সেই পানিতে বস্তি ঘরের একটি তার পড়ে যায়। তখন পানিতে নামলে বিদ্যুতায়িত হয় শিশু পাখি। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সোমা (১৪) ও আবুল (৬৪)। অচেতন অবস্থায় পাখিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জন মালিবাগ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে নিহত পাখির মা জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর মালিক গ্রামে। সোনা মিয়ার বস্তিতে তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলে পাখি নামের একজনকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বার্তা বাজার/এসজে