টিকটক-লাইকির মত অ্যাপস নিষিদ্ধ্বের সময় এসেছে: র‍্যাব মহাপরিচালক

টিকটিক-লাইকির মত বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (০৫ জুন) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উনিয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো যে কোনো অপরাধের জন্য অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখা জরুরি। প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না। এরপরও কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, টিকটক-লাইকিসহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, ৮২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমও অনেকাংশে দায়ী।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মনে করেন, যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ৩-৪ যুবক ও একটি মেয়ে মিলে এক তরুণীকে বিবস্ত্র করে শারীরিক ও যৌন নির্যাতন করছে। এই ভিডিও সূত্র ধরে অনুসন্ধান করে রিফাজুল ইসলাম হৃদয় নামের এক নির্যাতনকারীকে শনাক্ত করে পুলিশের তেজগাঁও বিভাগ।

এই ঘটনার সাথে টিকটক ভিডিও বানানোর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কর্মকর্তারা। ভিডিও শেয়ারিং এই প্লাটফরম ব্যবহার করেই বিভিন্ন বয়সী মেয়েদের সাথে যোগাযোগ স্থাপন করে পাচার করে দেওয়া হতো বিদেশে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর