সরকারের সব পরিকল্পনার মূলে লুটপাট: মির্জা ফখরুল

লুটপাট ছাড়া সরকারের কোনো কাজ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব পরিকল্পনার মূলে দুর্নীতি ও লুটপাট। সরকার জনগণ দ্বারা নির্বাচিত নয় বলে তাদের কোনো দায়বদ্ধতা নেই।

শনিবার (০৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বৈশ্বিক দুর্যোগ: ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে, তার প্রতি মানুষ যে অন্যায় আচরণ করছে, সেটির প্রতিশোধ। আজ যে পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে, সেই পরিবেশই ভয়ংকর।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আজ একটা দুর্বৃত্ত সরকার, দানব সরকার আমাদের সব অর্জন তছনছ করে দিচ্ছে, স্বপ্ন তছনছ করে দিচ্ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর জন্য শুধু হাত–পা ছুড়লে হবে না, পরিকল্পিতভাবে হাত–পা ছুড়তে হবে। পরিকল্পিত সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারে যাঁরা আছেন, জনগণের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই, জনগণের প্রতি তাঁদের কোনো দায়িত্বও নেই। এবারের বাজেটে পরিবেশ ও প্রকৃতির ওপর কতটা বাজেট এসেছে, তাঁর প্রশ্ন।

জলবায়ু পরিবর্তন তহবিলের টাকা লুটের অভিযোগ করে তিনি বলেন, বিশ্বব্যাংকের জলবায়ু পরিবর্তন তহবিল থেকে টাকা পেয়েছে বাংলাদেশ। তার অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেক ফেরত গেছে। কাজ করতে পারেনি। তাদের (সরকারের) মূল লক্ষ্য লুট করা। লুট করা ছাড়া আর কোনো কাজ নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর