ইসরায়েলি আগ্রাসন না থামলে আবারও হামলা চালাবো: হামাস

ইসরায়েল যদি তাদের অধিকৃত পশ্চিম তীরে চালানো আগ্রাসন বন্ধ না করে তাহলে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ সংগঠন হামাস আবারও হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

তুরস্কের গণমাধ্যম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহুরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

হামাসের এই শীর্ষ নেতা বলেন, যুদ্ধ বিরতি চুক্তির প্রতি ইসরায়েল কোনো সন্মানই দেখাচ্ছে না। প্রতিদিনই পশ্চিমতীরে আগ্রাসন চালাচ্ছে। জেরুজালেমের বাসিন্দাদেরকে উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দিচ্ছে তারা। ইসরায়েল যদি এমন চালিয়ে যায় তাহলে আমরাও যেকোনো সময় যুদ্ধ শুরু করতে পারি।

হামাসের মুখপাত্র জোর দিয়ে বলেন, দুই পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরায়েলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

তিনি আরও জানান, মিশরের মধ্যস্থতায় তাদের সাথে আমাদের যে দুর্বল যুদ্ধ বিরতি হয়েছে তা আমরা মেনে চললেও ইসরায়েলের আচরণের সাথে নির্ভর করছে ভবিষ্যতে কি হবে। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে আমরাও ততক্ষণ পর্যন্ত তা মানবো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর