আনোয়ারায় ভূমি বিরোধের সালিশী বৈঠকে হামলার ঘটনায় আবদুস সোবাহান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (০৫ জুন) সকালে উপজেলার হাইলধর ইউনিয়নের ইছাখালী হাজী এজাহার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সে একই এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র এবং বাদী মো. নাছির উদ্দিনের মামলার ৬নং আসামী।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, ভূমি বিরোধের জের ধরে মারামারি ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সকালে ইছাখালী হাজী এজাহার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার দক্ষিণ ইছাখালী গ্রামের মো. নাছির উদ্দীন এবং এমরানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত শুক্রবার (৪ জুন) উভয়পক্ষের সালিশী বৈঠকের কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ সেলিম (৪৪), মোহাম্মদ এনাম (৪৬), মোহাম্মদ ফেরদৌস (৪৮) ও মোহাম্মদ নাছির (৪০) গুরতরভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে মো. নাছির উদ্দিন বাদী হয়ে আনোয়ারা থানায় একই এলাকার মো. এমরান (৩১), মিসবাহুর রহমান সবুজ (২৭), মো. আসফার (২৩), মো. জুপিটার (৩৪), অলিউর রহমান সজল (২৫) ও আবদুস সোবাহান (৬৫) কে অভিযুক্ত করে মামলা করেন।
মামলার বাদী মো. নাছির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এমরানের সাথে আমার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি সালিশী বৈঠক হচ্ছিল। হঠাৎ সালিশী বৈঠকের মধ্যে তার দলবল নিয়ে আমাদের উপর হামলা করে।
আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ জুয়েল বলেন, ভূমি বিরোধ নিয়ে এলাকায় সালিশী বৈঠক হচ্ছিল উভয়পক্ষের মধ্যে। বৈঠকে দু’পক্ষের মারধরের ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজন গ্রেপ্তারও আছে।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি