মাহমুদুর রহমান শোয়েব, শেকৃবি প্রতিনিধিঃ ইতালীতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করবে। আগামী ৩ থেকে ১৪ জুলাই ইতালীর নাপোলি শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগীতায় ১৯৩ টি দেশের মোট ১৩ হাজার অ্যাথলেট প্রতিযোগী অংশগ্রহণ করবে। আজ সোমবার (২৪ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ২৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালকগণ (খেলাধুলা) সভায় অংশ নেন।
এ গেমসে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র সূত্রধর। তারা ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করবে। আগামী ২ জুলাই ইতালির উদ্দেশ্যে রওনা দিবে এবং ১৬ জুলাই দেশে ফিরবে।
বিশ্বে দ্বিতীয় বৃহৎ ক্রীড়ার এ আসর ‘৩০ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস’ প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। এই আসরে বাংলাদেশ থেকে একজন পুরুষ ও একজন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করার সুযোগ পায়।