শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে: সেতুমন্ত্রী

প্রকৃতি বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিপর্যস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক ওয়েবিনারে তিনি এই মন্তব্য করেন।

সেয়ুমন্ত্রী বলেন, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে। সহিংসতা ও সাম্প্রদায়িক উপাদান যুক্ত হচ্ছে। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ নানা কাজ করাই সম্ভব নয়।

রাজধানী ঢাকার পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ১৪০ দেশের সমীক্ষায় আবাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ছিলো এক নম্বরে। এখন সেটি ৪ নম্বরে। তারপরও ঢাকা বাসযোগ্য নয়। বায়ুদূষণ, শব্দদূষণ চরম পর্যায়ে। আমাদের সেটি থেকে উত্তরণে কাজ করতে হবে।

বাস্তব ভিত্তিক কাজ করতে প্রধানমন্ত্রীও উদ্বুদ্ধ করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীও আজ বৃক্ষরোপন করে এই দিবসের উদ্বোধন করেছেন। শেখ হাসিনার সরকার আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করার পরিকল্পনা করেছে। পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে নিবিড় যোগসূত্র। নানা কারণে পরিবেশ বিপর্যয়ের কারণে মানব সভ্যতা হুমকির সম্মুখীন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর