সাতক্ষীরায় সংখালঘু পরিবারের উপর হামলা ও ভাংচুর, আহত ২
সাতক্ষীরায় সংখালঘু পরিবারের উপর হামলা, ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে দেবহাটা উপজেলার মাঘরী গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় অভিযোগকারী মাঘরী গ্রামের মিলন ঘোষের পিতা অমল ঘোষ ও মাতা শুভদ্রা ঘোষ গুরুতর আহত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে মাঘরী গ্রামের মিলন ঘোষের সাথে পাশের বাড়ির মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটু গাজীর বিরোধ চলে আসছিল।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মাঘরী গ্রামের মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটু গাজী (৫৮), মোছেফ গাজী, পুটু গাজীর পুত্র সিদ্দিক গাজী (২৫), স্ত্রী সবজান বেগম (৪৫) ও সিদ্দিক গাজীর স্ত্রী খাদিজা বেগম (২৩) মিলন ঘোষের বসত ভীটার জমি দখল করাসহ বাড়ির সীমানার প্রাচীর ভেঙ্গে ফেলার হুমকি দিতে থাকে।
একপর্যায়ে তারা বসত ভিটার দক্ষিন পাশের সীমানার পাকা প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় মিলন ঘোষ সহ তার পিতা অমল ঘোষ ও মাতা শুভদ্রা ঘোষ তাদেরকে মৌখিক ভাবে বাধা প্রদান করলে মিলন ঘোষ ও তার পিতা-মাতাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তারা শুভদ্রা ঘোষে পরোনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় এবং গলায় থাকা ৪০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এসময় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহত পিতা-মাতাকে গুরুতর জখম অবস্থায় সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় অমল ঘোষের পুত্র মিলন ঘোষ বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ই.এইচ.এম