সিলেটের দক্ষিণ সুরমায় এক সাংবাদিকের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে চারটার দিকে উপজেলার কুচাই ইউনিয়নের গঙ্গারামেরচক গ্রামের বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
নিহত সাংবাদিকের নাম নিজামুল হক লিটন (৩৫)। তিনি দৈনিক খোলা কাগজের দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটবার্তা২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক ছিলেন।
লিটের ভাগ্নে জাহেদ আহমেদ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমাতে চলে যান। শেষ রাতের দিকে নানার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি মামা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। তখন পরিবারের সবাই মিলে ওড়না কেটে মরদেহ নিচে নামানো হয়।
জানা যায়, গত মার্চের ৯ তারিখে উপজেলার লালাবাজার এলাকায় লিটনকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছিল স্থানীয় জনতা। তবে তার সহকর্মীরা জানিয়েছিলেন, লিটনকে ফাঁসানো হয়েছিল। এ ঘটনায় কয়েকদিন কারাভোগের পর জামিনে বের হয়ে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েন এক ছেলে ও এক মেয়ের জনক লিটন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর শুক্রবার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/এসজে