অবশেষে মন্ত্রীর ফোন কে ছিনতাই করেছে তা জানা গেল

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাইয়ের ৫ দিন পর ছিনইতাইকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তবে এখনও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (৩০ মে) সন্ধ্যার দিকে বিজয় সরনীতে ট্রাফিক সিগন্যালে তার গাড়ি আটকে গেলে গাড়িতে বসে থাকা অবস্থায় তার মোবাইলটি ছিনতাই হয়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন শুক্রবার (০৪ জুন) সন্ধ্যায় বলেন, পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় একজনকে চিহ্নিত করা গেছে। তাঁর নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাঁকে ধরতে এখন অভিযান চলছে।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার ১০-১২ জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ছাড়া চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা নগর মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশ এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মুঠোফোনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাস্থল বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে সিসিটিভি ক্যামেরা ছিল না। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ জব্দ করে বিশ্লেষণ করেছে। কিন্তু কিছুই পায়নি। প্রকৃতপক্ষে এটি ছিনতাইয়ের ঘটনা নয়। কোনো হেরোইনসেবী সুযোগ বুঝে ছোঁ মেরে মুঠোফোনটি নিয়ে চলে যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর