দেশের করোনায় আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহের পর বিশ্লেষণ করে দেখ গেছে শতকরা ৮০ জনই ভারতীয় ধরণে আক্রান্ত। এই গবেষণাধর্মী বিশ্লেষণটি করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
শুক্রবার (০৪ জুন) আইইডিসিআর ও বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি’র যৌথ গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে বলে জানানো হয়েছে।
জানা যায়, এই ৮০ শতাংশের মোট পরিমাণের মধ্যে ৩৫ শতাংশেরই বিদেশ ভ্রমণ কিংবা দেশে বাইরে থেকে আসা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই। এছাড়া দক্ষিণ আফ্রিকান (বিটা) ধরন পাওয়া গেছে ১৬ শতাংশের দেহে।
এ বিষয়ে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান, গত ১৬ মে দেশে ভারতীয় ধরন শনাক্তের তথ্য প্রকাশিত হওয়ার পর আইইডিসিআর ও আইদেশি যৌথভাবে ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে কোভিড ১৯ সংক্রমণের এ চিত্র পেয়েছে।
ভারতীয় এই ধরণের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মাঝে চারভাগের এক ভাগই ২১ থেকে ৩০ বছর বয়সী। ২০ শতাংশ করে রয়েছেন ৩১ থেকে ৪১ ও ৪১ থেকে ৫১ বছর বয়সীরা।
এছাড়া ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের পরিমাণ ১৮ শতাংশ। আরও ৭ শতাংশ আছেন যাদের বয়স ১০ বছরের কম। পঞ্চাষোর্ধ্ব আক্রান্ত আছেন ১০ শতাংশ।
বার্তা বাজার/এসজে