ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়া হল বিনা টিকেটের ৫০০ যাত্রীকে

টিকেট ছাড়াই ট্রেনে উঠে পড়া ১৩টি স্টেশনের প্রায় ৫০০ জন যাত্রীকে নামিয়ে দিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও)। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এই অভিযানটি পরিচালনা করা হয়। যাত্রীদের নামিয়ে দেওয়ার পাশপাশি ৫৩ জনের কাছ থেকে আদায় করা হয় ভাড়াসহ জরিমানা।

শুক্রবার (০৪ জুন) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের এসিও সাজেদুল ইসলাম বাবু।

জানা যায়, বৃহস্পতিবার (৩ জুন) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত ঢাকা-চিলাহাটি-ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এসিও সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মার্টিন জয় মণ্ডল, মোস্তাফিজ রানাসহ রেলওয়ে কর্মচারী-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

যেসব রেলওয়ে স্টেশন থেকে বিনা টিকিটের যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি, সেই স্টেশনগুলো হলো- মুলাডুলি নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার ,আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও চিলাহাটি।

এ বিষয়ে এসিও সাজেদুল ইসলাম বাবু জানান, স্বাস্থ্যবিধি মেনে ঈশ্বরদীর মুলাডুলি থেকে চিলাহাটি পর্যন্ত ১৩টি স্টেশনে টিকিটবিহীন কোনো যাত্রী ট্রেনে উঠতে দেওয়া হয়নি। এ সময় বিনাটিকেটে ট্রেনে চড়ার দায়ে ৫৩ যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ২৩ হাজার জরিমানাবাবদ ১৫ হাজার সর্বমোট ৩৮ হাজার টাকা আদায় করা হয়।

রেলের এই কর্মকর্তা বলেন, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে যাত্রীদের ট্রেন ভ্রমণ নিশ্চিতকল্পে অভিযান চলমান থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর