বৃহস্পতিবার (০৩ জুন) দেশে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অনেক কম। তবে শুক্রবার (০৪ জুন) আবহাওয়া কিছুটা পরিবর্তন হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (০৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাদের পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
তারা আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে পরবর্তী তিন দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ভারি বর্ষণের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরাঞ্চলে জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া ভারি বর্ষণে রাজধানীর বেশকিছু গুরুত্বপুর্ণ সড়কসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের অংশেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। যার কারণে ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ।
বার্তা বাজার/এসজে