ছাত্রীকে যৌন হয়রানি: তদন্তের মুখে চাকরি ছেড়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) খণ্ডকালীন শিক্ষক শান্তনু বিশ্বাস লিংকনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ছাত্রীকে যৌন হয়রানির। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের ওই শিক্ষক অভিযোগ তদন্ত হওয়ার সময়ই পদত্যাগ পত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান সহকারী অধ্যাপক মানসুরা খানম বলেন, একজন খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে আমাদের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। বিষয়টির সত্যতা যাচাই চলছে।

জানা যায়, স্থাপত্যবিদ্যা বিভাগের এক ছাত্রীকে ফেসবুকে কুরুচিপূর্ণ বার্তা ও ছবি পাঠান শিক্ষক লিংকন। এর প্রেক্ষিতে গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ সেলে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। এদিকে অভিযোগের তদন্ত চলাকালেই ২ জুন শিক্ষক শান্তনু বিশ্বাস লিংকন রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ বলেন, ২ জুন স্থাপত্য বিভাগের এক খণ্ডকালীন শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর