ভারতীয় সেনাবাহিনীতে ব্ল্যাক ফাঙ্গাসের হানা, মিলছে না ওষুধ

ভারতে মহামারি করোনার মধ্যেই আক্রমণ করেছে ব্ল্যাক ফাঙ্গাসের। এটাকেও মহামারি হিসেবে উল্লেখ করা হয়েছে। করোনার সংক্রমণের সংখ্যা কিছুটা কমে আসার সময়টাতেই বেড়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা।

‘মিউকোরমাইকোসিস’ নামে পরিচিত এই ছত্রাকে আক্রান্ত হচ্ছেন ভারতীয় সেনা সদস্যরাও। অনেকটা মরার ওপর খাঁড়ার ঘা হয়ে ভারতে আছে এই মহামারিটি।

দেশটির সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, এখন পর্যন্ত তাদের সেনাবাহিনীতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ৩০ জন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল এবং আর্মি বেস হাসপাতালে। সেখানে তাদেরকে জীবনদায়ী ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ ‘অ্যাম্ফোটেরিসিন বি’-র সরবরাহ সঠিক ভাবে হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের সেনা চিকিৎসক বলেন, হাসপাতালের মধ্যে বহু সেনা সদস্য ওষুধের জন্য অপেক্ষা করছেন। এতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ক্রমশ বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে।

বর্তমানে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা যেন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দেশটিতে এখন ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগের চিকিৎসায় মূল ছত্রাক প্রতিরোধী ওষুধ ‘অ্যাম্ফোটেরিসিন বি’ ব্যবহার করা হলেও সরবরাহ না থাকায় সৃষ্টি হয়েছে তীব্র সংকটের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর