মোদির বিজেপি থেকে মমতার তৃণমূলে ফিরছেন বিধায়করা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ক্ষমতায় আসার প্রলোভনে বেশ কিছু জনপ্রিয় মুখকে নিজেদের দলে ভিড়িয়েছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি। কিন্তু নির্বাচনের পরে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ক্ষমতার ধারেকাছেও যেতে পারেনি বিজেপি। তাই আবারও তৃণমূলে ফিরছেন বিজেপি থেকে নির্বাচিত অনেক বিধায়ক।

পশ্চিমবঙ্গ বিজেপিতে দেখা দিয়েছে ভাঙনের সুর। দল ছাড়ার আভাস দিয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। টানা তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হওয়া মমতার দলে নোঙ্গর করতে পারেন তারা। এখন পুরো রাজ্য জুড়েই এমন আলোচনা চলছে।

আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়ে তৃণমূল দাবি করছে, শুধু ৭-৮ জন বিধায়কই নন, বিজেপির ৩ সাংসদও ফিরতে চাইছেন তাদের দলে। অবশ্য প্রকাশ্যেই তৃণমূলের সেই দাবি অস্বীকার করছেন বিজেপি নেতারা। কিন্তু অন্তত ৭ জন বিধায়ক দল বদল করে ফের মমতার দলে ফিরতে পারেন বলে গুঞ্জন চলছে বিজেপি শিবিরেও।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির শীর্ষ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে ২০০ আসনে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলেন। সেই লক্ষ্যপূরণে ঝাঁপিয়েও পড়েছিল গোটা দল। কিন্তু ২ মে ভোটের ফল প্রকাশের দিনে অমিত শাহের বেঁধে দেওয়া লক্ষ্যের ধারে-কাছেও পৌঁছয়নি বিজেপি। ২০০ তো দূরের কথা, ১০০ আসনও পায়নি তারা। মোট ৭৭ আসনেই তাদের সন্তুষ্ট করেছে রাজ্যের জনগন।

এরই মধ্যে পদত্যাগ করেছেন জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক নামে দুই বিধায়ক। এখন দলের হাতে আছে ৭৫ বিধায়ক। তাদের নিয়েও আগামি ৫ বছর পার হবে কি না তা নিয়েও রয়েছে সংশয়ের অবকাশ।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ইতোমধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, বিজেপির ৩ জন সাংসদ এবং ৭-৮ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি দলত্যাগ করবেন না। সবাই দলে থাকবেন। প্রতিনিধিদের ওপরে বিজেপির নিয়ন্ত্রণ রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর