টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৪ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকা হতে মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (৪ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে পরিবহনের চাপ বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। বিপাকে পড়েছে কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ।
সিরাজগঞ্জগামী বাস চালক আলী মিয়া বলেন, ভোর সাড়ে ৪ টায় এই মহাসড়কে এসে যানজটে পড়েছি। এক কিলোমিটার আসতে আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। আরও কতো সময় যে লাগবে কে জানে? তায়েব মিয়া নামের এক যাত্রী বলেন, গাড়িতে বসে থাকতে গরমে খুব কষ্ট হচ্ছে। কখন স্বাভাবিক হবে সেটাও জানি না।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের ১৬ নম্বর ব্রিজের কাছে একটি দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। তবে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হচ্ছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি