কাবুলে বাসে বোমা বিস্ফোরণে নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

গত দুই দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশটিতে বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আফগান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিয়া সম্প্রদায়ের একটি পাড়ার কাছে রাস্তায় এই বোমাটি বিস্ফোরিত হয়।

আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তবে বৃহস্পতিবারের হামলার দায় কোনো সংগঠন এখনও স্বীকার করেনি।

এ সপ্তাহের শুরুর দিকে কাবুলে দুটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস-এর আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক আধিপত্য গড়ে তুলছে তালেবানরা।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, আইএস এখনও আফগানিস্তানের ভেতরে ও বাইরে হুমকি তৈরি করছে। দেশটিতে এখনও প্রায় ২ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর