ঠাকুরগাঁওয়ে থ্রি হুইলার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ছয়জন। আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজন বলে জানিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার (৩ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গী থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার জেলা শহরের দিকে আসার পথে সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয় । অপরদিকে আহত হন থ্রি হুইলারে আরও সাত যাত্রী।
পরে স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় আরো একজনের মৃত্যু হয়।
নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত রফিকুল ইসলাম (৪৫) বগুড়ার সাপগ্রাম কুইশাপাড়া এলাকার প্রয়াত রইছ উদ্দীনের ছেলে। নিহত অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি, তার বয়স ৪০ বছর।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল আলম চয়ন জানান, আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে অন্যদের চিকিৎসা চলছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/ই.এইচ.এম