টঙ্গীতে কিশোর গ্যাং পারভেজ বাহিনীর হামলায় আহত ৩
গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর প্রধান পারভেজ বাহিনীর হামলায় ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, টঙ্গীর আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪) ও সুজন মিয়া (২১)। এছাড়াও আব্দুল মালিকের স্ত্রী রুপালি গুরুতর আহত হয়েছেন।
এ হামলার ঘটনা কে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আরিচপুরে জননী টেইলার্সে ৩ জন দর্জি দোকানি প্রতিদিনের মতই কাজ করছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বুঝে উঠার আগেই কিশোর গ্যাং প্রধান পারভেজ বাহিনী সহ বেশ কয়েকজন কিশোর টেইলার্সে এসে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপালে আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/ই.এইচ.এম