পুলিশের সহায়তায় বাড়ি ফিরল নিখোঁজ ফাহিমা

সাতক্ষীরা সদর থানা পুলিশের সহায়তায় লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া ফাহিমা বেগম বাড়ি ফিরেছে। নিখোঁজ ফাহিমাকে উদ্ধারের পর চিকিৎসা দিয়ে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফাহিমা বেগম (২২) লক্ষীপুর জেলার রামগতি থানার চর আলগী গ্রামের জাবের হোসেনে পন্ডিতের স্ত্রী। নিখোঁজের পর গত ৩১ মে রামগতি থানায় সাধারণ ডায়েরী করে পরিবার।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, শহরের পুরাতন সাতক্ষীরার নাথপাড়া এলাকার আবুল কালামের বাড়ি থেকে ফাহিমা বেগমকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার নাম পরিচয় ঠিকমত বলতে পারছিল না। শারীরিকভাবে অসুস্থ মনে হওয়ায় তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের ইনচার্জ এসআই অপর্ণা বিশ্বাসের তত্ত্বাবাধনে রেখে শারীরিক ও মানসিক সেবা প্রদান করা হয়।

তিনি বলেন, এরপর মঙ্গলবার (১ জুন) রাতে মেয়েটি তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা বলতে সক্ষম হয়। তখন রামগতি থানাকে অবহিত করে ফাহিমা বেগমের পরিবারকে সাতক্ষীরায় আসার জন্য অনুরোধ জানানো হয়। আজ (বৃহস্পতিবার-৩ জুন) ফাহিমার পরিবারের সদস্যরা থানায় এসে ফাহিমাকে শনাক্ত করে। ফাহিমাও তাদের দেখে চিনতে পারে। থানায় একটি সাধারণ ডায়েরী নথিভুক্ত করে ফাহিমাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ফাহিমা বেগমের স্বামী জাবের হোসেন জানান, মানুসিক ভারসম্যহীন হওয়ায় ফাহিমা পথভুলে লক্ষীপুর থেকে সাতক্ষীরায় চলে আসে। নিখোঁজ হওয়ার পর রামগতি থানায় সাধারণ ডায়েরী করি। পুলিশ খুঁজে বের করে দিয়েছে। আমি যেসব পুলিশ স্যারেরা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

ফাহিমাকে তার পরিবারের হাতে হন্তান্তরের সময় স্বামী জাবের হোসেন পণ্ডিত, ভাই আব্বাস আলী উপস্থিত ছিলেন। তারা সাতক্ষীরা থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর