চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণায় ২০২১-২২ অর্থ বছরের বাজেটেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বৃহস্পতিবার (০৩ জুন) বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্য এ তথ্য জানান তিনি।
চলতি ২০২০-২১ অর্থ বছরেও এই খাতে বরাদ্দ রাখা হয়েছিল ১০০ কোটি টাকা। এ জন্য ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ নামে একটি তহবিল করা হয়।
কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের ঠেলাঠেলিতে এ ব্যাপারে যথাযথ নীতিমালা তৈরি হতেই লেগেছে ১০ মাস। ১১ মাসের মাথায় শেষ পর্যন্ত গবেষণার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। বাছাই ও চূড়ান্ত করার এই প্রক্রিয়া শেষ করতে করতে চলতি অর্থ বছর পার হয়ে যাবে বলে উভয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অর্থবছরের বাকি আছে আর ২৬ দিন। চলতি বাজেটেও এই খাতে সমপরিমাণ টাকা বরাদ্দ ছিল। স্বাস্থ্যের অন্যান্য বরাদ্দ ব্যয় করতে না পারার মতো এই বরাদ্দের টাকাও ব্যয় হয়নি।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
বার্তা বাজার/এসজে