লামায় প্রথম করোনা রোগীর মৃত্যু

বান্দরবান লামা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আমেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লামায় এটিই প্রথম মৃত্যু।

বৃহস্পতিবার (০৩ জুন’২১) রাত ২টায় কক্সবাজার সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসোলশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানিয়েছেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। সে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৈক্ষমঝিরি এলাকার মৃত মো. বাবুল এর স্ত্রী।

নিহত আমেনা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩’মে শ্বাস কষ্ট নিয়ে আমেনা বেগমকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ হলে করোনা আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। এবং বৃহস্পতিবার সকালে তার লাশ নিজ বাড়িতে আনা হয়।

এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, এই মহিলা লামা হাসপাতালে করোনা পরীক্ষা করেননি। কক্সবাজার গিয়ে তার করোনা ধরা পড়ে। করোনা পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশিদ বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে তার বসতবাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সর্ব সাধারণকে সচেতন করতে মাস্ক না পড়ার জন্য বাসস্টেশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এম.মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর